সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া দুই বিচারপতি শপথ নিয়েছেন।

এই দুই বিচারপতি হলেন- বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। এর মধ্যে বিচারপতি শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি হিসেবে আছেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ওই দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার আইন মন্ত্রণালয় থেকে তাদের দুজনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারপতিকে একই বিভাগের স্থায়ী বিচারপতি নিয়োগ দিয়েছেন।

২০১৩ সালের ৩১ জুলাই ওই দু’জনকে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিলো আইন মন্ত্রণালয়।

এমকে