আলোচিত সোনা চোরাচালান মামলার প্রধান আসামি ‘দি ঢাকা মানি একচেঞ্জ’র মালিক নবী নওয়াজ খানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামি ১৩ অক্টোবর সকাল ১০টায় নবী নওয়াজ খানকে তলব করেছেন দুদকের উপ-পরিচালক যতন কুমার রায়।
মানি একচেঞ্জের আড়ালে শত কোটি টাকার সোনা চোরাচালানের তথ্য উদঘাটনে নেমেছে দুদক।
জানা যায়, দুদকের কর্মকর্তা যতন কুমার রায়ের পাঠানো নোটিশে ২০০৪ সালের দুদক আইনের ১৯ এবং ২০ ধারায় উল্লেখ করা হয়েছে। আর ওই ধারায় তার পাঠানো নোটিশে ‘দি ঢাকা মানি একচেঞ্জ’র মালিক নবী নওয়াজ খানকে তার পেশা সংশ্লিষ্ট কাগজপত্র, ব্যাংক হিসাব, আয়কর নথি এবং বর্তমান ব্যবসার কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
২০১২ সালের ১০ সেপ্টেম্বর বিমান বন্দর থানায় সাড়ে ১৩ কেজি সোনারবার উদ্ধার মামলায় নবী নওয়াজ খানসহ ১৯ জন আসামি রয়েছে।
এদিকে গত ১৩ মার্চ রামপুরা থানা এলাকায় চোরাচালানের ২৩৫টি সোনার বার উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, এ চালানের সঙ্গেও নবী নওয়াজ খানের সম্পৃক্ততা রয়েছে। সাড়ে ১৩ কেজি স্বর্ণ চোরাচালানের রহস্য উদঘাটন করা গেলে পরবর্তী চালানের রহস্যও উন্মোচিত হবে বলে মনে করছে দুদক। এ চিন্তা থেকেই ১৩ কেজি স্বর্ণের মামলার সব আসামির বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়।
দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় সোনা চোরাচালানের বিষয় দুটি ঘটনারই অনুসন্ধান ও তদন্ত করছেন।
একে/জেডআই





