বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন পিছিয়ে আগামী ৯ জুলাই পুনরায় নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালত আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে নতুন এ দিন ধার্য করেন।
বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন নির্ধারিত ছিল। তবে খালেদা জিয়ার আইনজীবীরা মামলা দু’টির বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিচারাধীন রয়েছে উল্লেখ করে সাক্ষ্যগ্রহণ শুরুর বিষয়ে সময়ের আবেদন জানান।
তারা শুনানিতে বলেন, হাইকোর্টে রিটের শুনানি চলছে। যেহেতু বিচারক নিয়োগের বৈধতাকেই চ্যালেঞ্জ করা হয়েছে, সেহেতু হাইকোর্টে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা শুনানি পেছানোর আবেদন করছি।
আদালত এ আবেদন গ্রহণ করে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন পিছিয়ে আগামী ৯ জুলাই পুনর্নির্ধারণ করেন।
শুনানিতে অংশ নেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
তিনি জানান, যেহেতু মামলা সংক্রান্ত হাইকোর্টে রিট আদেশের পর্যায়ে আছে, তাই বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে আমরা তার আদালতে উপস্থিত হতে সময়ের আবেদন করি। আদালত সাক্ষ্যগ্রহণ শুরুর দিন পিছিয়েছেন।
সাক্ষ্য দিতে মামলা দু’টির বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্পেশাল পিপি মোশারফ হোসেন কাজল আদালতে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার আরিফুর রহমান জানান, সরকার মামলা দু’টি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে মর্মে গেজেট প্রকাশের পর বৃহস্পতিবারই ছিল প্রথম তারিখ। সকাল পৌনে ১১টার দিকে আদালতে শুনানি শুরু হয়। ১১টা ৫ মিনিটে আদেশ দেন বিচারক।
এর আগে বিচারিক আদালতে মামলা দু’টির অভিযোগ (চার্জ) গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা রিভিশন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এরপর তারা বিচারক নিয়োগের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের একটি বেঞ্চ এ রিটের বিভক্ত আদেশ দিলে প্রধান বিচারপতি রিট নিষ্পত্তিতে তৃতীয় বেঞ্চ গঠন করে দিয়েছেন। বৃহস্পতিবার তৃতীয় বেঞ্চে দ্বিতীয় দিনের মতো রিটের শুনানি চলছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। চার্জ গঠন করা হয়, খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মামলা দুটির অপর আট আসামির বিরুদ্ধেও।
ওইদিন খালেদার উপস্থিতিতে মামলা দুটির চার্জ শুনানি শেষে অভিযোগ গঠন করেন ঢাকা তৃতীয় ও বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ