গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে কিশোর আহত হবার ঘটনায় কেন অব্যবস্থাপনাকে দায়ী করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি ড. কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।
একই সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে রুল জহারি করেন হাইকোর্ট।
গত মঙ্গলবার রাতে গাজীপুরের ‘টঙ্গী কিশোর উন্নয়ন’ কেন্দ্রের ২০ কিশোর নিজেদের শরীর নিজেরাই ক্ষতবিক্ষত করে। তারা তাদের মাথার তালু থেকে কপাল পর্যন্ত এবং কাঁধ থেকে দুই হাতের বাহু বরাবর নিচের দিকে লম্বা লম্বা করে কেটে আহত হয়।
হাসপাতালে তারা চিকিৎসক ও সেবিকাদের বলেছে, ঠিকমতো খাবার না দেওয়ায় এবং নির্যাতন করার প্রতিবাদ হিসেবে তারা এ কাজ করেছে। একটি জাতীয় দৈনিকে আজ এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।
ঢাকা, জিই ফেব্রুয়ারি ১৩ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ