সদ্য অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুর রহমানের বিরুদ্ধে কয়েকশ' কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা যায়, সম্প্রতি সাবেক এই পুলিশ কর্মকর্তা আরিফের অবৈধ সম্পদের বিষয়টি খতিয়ে দেখার জন্য দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের তত্ত্বাবধানে সহকারী পরিচালক মাহবুবুল আলমকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, আরিফুর রহমান তার স্ত্রী শাহনাজ বেগম ও সন্তানদের বিদেশে রেখেছেন। আর তাদের খরচ বহনের নামে তিনি মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকা পাচার করছেন।

হতদরিদ্র পরিবারের সন্তান সাবেক এএসপি আরিফুর রহমান। পুলিশে যোগদানের পর দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন।

সাবেক এএসপি আরিফুর রহমানের বিরুদ্ধে রাজধানীর অভিজাত এলাকায় বাড়ি, ফ্ল্যাট, বিভিন্ন মার্কেট দোকান রয়েছে। রাজধানীর ফকিরাপুলে ডিআইটি রোডে ৬ তলা ৩ বাড়ি, মতিঝিলে ২ কাঠা জমি, ডেমরায় মিজমিজিতে ২ বিঘা জমি রয়েছে তার।

এ ছাড়া গুলিস্তানে পীর ইয়ামেনি মার্কেটে ৩টি দোকান, নবাবপুর রোডে ইলেকট্রিক মার্কেট, বঙ্গ মার্কেটে নামে- বেনামে তার দোকান রয়েছে। দুদকের অনুসন্ধানী টিম সাবেক পুলিশ কর্মকর্তার এসব অবৈধ সম্পদের তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি সরেজমিন খোঁজ খবর নেয়া শুরু করছেন।

ঢাকা, একে, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর