রংপুর নগরীর খটখটিয়া এলাকায় তালতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী বিরোধে প্রতিপক্ষের হামলায় সোহরাব হোসেন গতকাল বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এ ঘটনায় করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এলাকাবাসী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে।
পুলিশ জানায়, রংপুর নগরীর খটখটিয়া এলাকায় অবস্থিত তালতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা পারভীনের সাথে রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকলেসুর রহমান তরু ও তার লোকজনের স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বিরোধছিল।
ওই ঘটনাকে কেন্দ্র গত ১৮ সেপ্টেম্বর কাউন্সিলর তরু ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল আজিজের লোকজন প্রধান শিক্ষিকা সাজেদা পারভীনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং বাসার মালামাল লুট করে।
ওই ঘটনায় প্রধান শিক্ষিকা নিজে বাদী হয়ে দুদিন পর ২০ সেপ্টেম্বর কোতয়ালী থানায় কাউন্সিলর তরুসহ ১৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
প্রধান শিক্ষিকা সাজেদা পারভীনের দায়ের করা মামলায় তরু গ্রুপের লোকজন গত ২৩ সেপ্টেম্বর রংপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে নগরীর পুর্ব খটখটিয়া এলাকায় তাদের উপর হামলা হয়। এ সময় সোহরাব গুরুতর আহত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কাউন্সিলর তরু অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষিকা স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাকিলকে ভাড়া করে এনে তাদের উপর হামলা চালায়। এ হামলায় সোহরাব হোসেন ও সাইফুল গুরুতর আহত হন। সাকিলের লোকজন নিহত সোহরাবের দুই হাতের কব্জি কেটে ফেলে। এ ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৬ দিন মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ে বুধবার রাতে সোহরাব মারা যায়। কাউন্সিলর তরু আরও অভিযোগ করেন সন্ত্রাসীরা তাদের দুটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষিকা সাজেদা পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কাউন্সিলর তরুর সাথে অনেকের বিরোধ রয়েছে। সোহরাবের উপর হামলা ও কুপিয়ে আহত করার ঘটনার সঙ্গে তার দূরতম সম্পর্ক নেই।
এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাদের জিলানী জানান কাউন্সিলর তরু নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
একে





