পারটেক্সের সুগার মিলের এমডি শওকত আজিজকে সোনালী ব্যাংকের ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন অনুসন্ধানী টিমের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
গত ২৮ আগস্ট পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, তার দুই ছেলে- পারটেক্স সুগার মিলস লিমিটেডের এমডি শওতক আজিজ ও পরিচালক রুবেল আজিজকে তলবি নোটিশ পাঠায়।
এদিকে পারটেক্স সুগারমিলের এমডি শওকত আজিজ সাংবাদিকদের বলেন, তারা ব্যাংকের লোনের কিস্তির টাকা পরিশোধ শুরু করেছেন। দুদকের জিজ্ঞাসাবাদের সময়ও একই কথা বলেছেন। এছাড়া মিডিয়ায় তাদের বক্তব্য দেয়া হয়েছে। তারা ব্যাংকের টাকা আত্মসাৎ করেননি।
জানা যায়, সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ শাখা থেকে ১৫০ কোটি টাকা পারটেক্স গ্রুপ বিদেশ থেকে চিনি আমদানির নামে আত্মসাৎ করে। বিদেশ থেকে অপরিশোধিত চিনি আমদানির নামে ২০১১ সালে ৭ কোটি ৪২ লাখ টাকার এফডিআরের বিপরীতে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু এভিনিউ শাখায় ১৫০ কোটি টাকার দুটি এলসি খোলে পারটেক্স সুগার মিলস লিমিটেড।
ওই এলসির বিপরীতে ৩০ হাজার টন অপরিশোধিত চিনি আমদানি করলেও তা বিক্রি করে কোনো টাকা ব্যাংকে জমা করা হয়নি। এতে সৃষ্ট পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট (পিএডি) শেণীভুক্ত করে এফডিআর সমন্বয় করার পরও পারটেক্স সুগার মিলসের কাছে সোনালী ব্যাংকের পাওনা দাঁড়ায় ১৩৬ কোটি টাকা।
এদিকে আরও অভিযোগ রয়েছে, মাত্র ৭ কোটি ৪২ লাখ এফডিআরের বিপরীতে সোনালী ব্যাংকের একটি সিন্ডিকেট মোটা অঙ্কের উৎকোচ নিয়ে পারটেক্স গ্রুপকে ১৫০ কোটি টাকার এলসি খোলার সুযোগ করে দেয়। এর আগেই পারটেক্স গ্রুপের ২২ কোটি টাকা অনিয়মিত দায় ছিল। ঋণ অনাদায়ী অবস্থায় নতুন কোনো এলসি খোলা নিয়ম বহির্ভূত।
ঢাকা, একে, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





