জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন শুনানি আগামী ২৩ ফেব্রুয়ারি রোববার নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানির এদিন নির্ধারণ করেন।

এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে জামিন আবেদন করেন। জামিন পেলে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডনে যেতে চান বলে আবেদনে উল্লেখ করা হয়।

আইনজীবীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ। এখন হাত নাড়াতেও পারেন না তিনি। নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিসও।

এমন অবস্থায় বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কোনো বিকল্প নেই। তাই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা করানোর কথা উল্লেখ করা হয় জামিন আবেদনে।

এমআর