রাজধানীর দোলাইপাড়ের শ্যামপুর এলাকা থেকে ব্লগার নীলাদ্রি  চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাজধানীর পৃথক পৃথক স্থান থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পূর্ব) মাহবুব আলম।

গ্রেফতারকৃতরা হলেন- কাওসার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদার (২৯)।

মাহবুব আলম জানান, কামাল হোসেন সরদারকে বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর দোলাইপাড়ের শ্যামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আর কাওসার হোসেন খানকে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১০নং এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুই যুবকই ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টার চার্জশিটভুক্ত আসামি। তারা বর্তমানে জামিনে ছিলেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় খুন হন ব্লগার নিলয়। সেদিন রাতেই তার স্ত্রী আশা মনি বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

 

এমআর