সিভিল এভিয়েশন  উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবদুল ওয়াহেদের বিরুদ্ধে  প্রায় সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের নিয়মিত সভায় আসামির বিরুদ্ধে দন্ডবিধির ৪০৮ ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়।

জানা যায়, সিভিল এভিয়েশন  উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহেদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের অভিযোগ জমা হয় গত ২৮ এপ্রিল। ওই অভিযোগ যাচাই বাছাই করে গত ১১ মে প্রতিবেদন জমা দেন দুদকের উপ পরিচালক মো. বেনজির আহমেদ।

এদিকে সোনালী ব্যাংক মহিলা শাখার (নারায়ণগঞ্জ জেলায়) সাবেক ব্যবস্থাপক আবদুস সামাদ এবং মেসার্স বিার ফ্যাশন ওয়ারের মালিক ফিরোজ আহমেদ, ফরিদ আহমেদ, নজরুল ইসলাম, জাকারিয়া আহমেদের বিরুদ্ধে ঋণ জালিয়াতি এবং অর্থ আত্মসাতের মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

গত বছর ৩১ জুলাই নারায়ণগঞ্জ মডেল থানায় দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা দায়ের করে দুদক। মামলা নং ২৯। মামলাটি তদন্ত করেন দুদক উপ পরিচালক একেএম ফজলুল হক।

ঢাকা, ১২, জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ