ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রকৌশলীদের বিরুদ্ধে উত্তরায় সড়ক সংস্কারের নামে কয়েক কোটি টাকা লোপাটের সুনিদিষ্ট অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, সম্প্রতি দুদকের এক সভায় (ডিএনসিসি) প্রকৌশলীদের বিরুদ্ধে উত্তরায় সড়ক সংস্কারের কয়েক কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের জন্য উপ পরিচালক মো. বেনজীর আহমেদকে দায়িত্ব দেয়া হয়।
গত বছর ২১ জুলাই স্মারক নং- ১৮৭৯ দুদকে ডিএনসিসির প্রকৌশলীদের নানা অনিয়ম,দুর্নীতি এবং উত্তরায় সড়ক সংস্কারের নামে কয়েক কোটি টাকা লোপাটের অভিযোগ আসে। পরে ওই অভিযোগ প্রাথমিক পর্যায়ে বাছাই শেষে গত বছর ২৪ নভেম্বর দুদকের যাচাই বাছাই কমিটিতে জমা হয়।
গত ১৯ জানুয়ারি দুদকের জারি করা এক অফিস আদেশে উপ পরিচালক মো. বেনজীর আহমেদকে একজন কর্মকর্তা দিয়ে প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের ব্যবস্থা করতে বলা হয়েছে।
জানা যায়, দুদকের কাছে ডিএনসিসির শীর্ষস্থানীয় প্রকৌশলী ছাড়াও উত্তরাস্থ আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন, সহকারি প্রকৌশলী বশির খাদেম, উপ সহকারি প্রকৌশলী ইমদাদুল হক চৌধুরী, উপ সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ সহকারি প্রকৌশলী মিজানুর রহমানসহ আরো অনেকের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে বলে জানা যায়।
এদিকে দুদকের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলামকে ডিএসসিসির যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায় প্রকৌশলী আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বিরুদ্ধে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে। ডিএনসিসির এ প্রকৌশলী আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং অকেজো গাড়ীর জ্বালানী দেখিয়ে মোটা অংকের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে দুদকে।
এছাড়াও প্রকৌশলী আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে আরো একাধিক মামলা দায়ের হয়েছে বলে জানা যায়। বর্তমানে উচ্চ আদালতে আবেদন করে ওইসব মামলার তদন্ত ও অনুসন্ধানী কার্যক্রম বন্ধ করে রেখেছে।
একে/এসএইচ





