রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ওই শিক্ষার্থী হলেন- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এর মধ্যে নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, স্নেহা পল্লবী ডিগ্রি কলেজ ও কানিজ দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী।
বুধবার (০৬ অক্টোবর) বিকালে পল্লবী থানার এসআই সজীব খান গণমাধ্যমকে বলেন, তিন ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। তারা বর্তমানে র্যাব- ৪-এর অফিসে রয়েছে। সেখান থেকে তাদের থানায় আনা হবে।
বিকালে র্যাব ৪-এর উপ-অধিনায়ক মেজর রবি খান বলেন, “ঘটনার পর থেকে আমরা বিষয়টি নিয়ে কাজ করছিলাম। তাদের লোকেশন শনাক্ত করার পর আমাদের একটি টিম কক্সবাজারে যায়। সেখানে আমাদের সদস্যরা তাদের অনুসরণ করে। গতকাল তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। তখন আমাদের সদস্যরাও তাদের অনুসরণ করে ঢাকায় আসেন। মিরপুরে প্রবেশ করার সময় তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়।” তিনি আরও জানান, তাদের পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে। তারা তিন জনই সুস্থ আছেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সকালে দিলখুশ জান্নাত নিশা, কানিজ ফাতেমা ও নেহা আক্তার বাসা থেকে বের হয়। তারা কলেজ ড্রেস পরে এবং ব্যাগ নিয়ে বেরিয়েছিল। পরে নিখোঁজদের পরিবার জানায়, ওই ছাত্রীরা বাসা থেকে বের হওয়ার সময় নগদ টাকা, স্বর্ণের গহনা, নিজেদের সার্টিফিকেট নিয়ে গেছেন। এখনও তাদের কোনও সন্ধান মেলেনি। এই ঘটনায় প্রথমে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। এরপর মামলা হয়। পরে তাদের বন্ধু মো: তরিকুল্লাহ (১৯), মো: রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে (১৮) গ্রেফতার করে পুলিশ। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
এমবি





