বরগুনায় বহুল আলোচিত শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি আজ হাইকোর্টে এসেছেন।

আইনি পরামর্শ করতে মিন্নি হাইকোর্টে তাঁর আইনজীবীর কাছে এসেছেন বলে জানা গেছে।

আজ (২২ সেপ্টেম্বর) রোববার বেলা ১১টার দিকে আয়শা সিদ্দিকা মিন্নি তাঁর বাবার সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার চেম্বারে প্রবেশ করেন। পরে তিনি আইনজীবী এম আমিন উদ্দিনের সঙ্গেও দেখা করবেন।

চেম্বারে প্রবেশের সময় মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নিকে রিমান্ডে থাকার সময় নির্যাতন করা হয়েছে। তাই চিকিৎসার জন্য সে ঢাকায় এসেছে। হাইকোর্টে এসেছে আইনজীবীর সঙ্গে আইনি বিষয়ে পরামর্শ করার জন্য।

আইনজীবী জেড আই খান পান্না বলেন, “আইনি বিষয়ে পরামর্শ করতে মিন্নি সব আইনজীবীর সঙ্গে বৈঠক করবেন। তবে আদালতের নিষেধ থাকায় মিডিয়ার সঙ্গে কোনো কথা বলবেন না।”

গত ২ সেপ্টেম্বর বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিনের রায় বহাল রাখে আপিল বিভাগের চেম্বার আদালত। এর আগে গত ২৯ আগস্ট আয়শা সিদ্দিকা মিন্নিকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। তবে জামিনে থাকাকালে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলা যাবে না বলে শর্ত দেন আদালত।

উল্লেখ্য, গত ২৬ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে স্ত্রীর সামনে প্রকাশ্যে রামদা দিয়ে শাহ নেয়াজ রিফাত শরীফকে (২৫) কুপিয়ে গুরুতর আহত করে একদল যুবক। রিফাতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা।

গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এনিয়ে দেশজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এই হত্যার ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ পরের দিন সকালে ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা করেন। মিন্নি ছিলেন সেই মামলার ১ নম্বর সাক্ষী। পরে ১৬ জুলাই রাতে এই মামলায় তাঁকে গ্রেফতার দেখায় পুলিশ।

এমবি