গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে সোমবার আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরুর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার ভোরে রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুরবাড়ি থেকে তার স্ত্রী জেসমিন জাহান নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সফিকুর রহমান। অপরদিকে নিত্য শাহাদাতের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম ইউনুস খান রোববার বিকালে নিত্য শাহাদাতের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে বলেও উল্লেখ করেন বিচারক।

গত ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালশী থেকে নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। তবে ওই দিন বিকালে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

রাতে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

মারাত্মক আহত গৃহকর্মী হ্যাপী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছে।

এআর