প্রার্থীতা ফেরত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদনে হাইকোর্টের একক বেঞ্চের উপর অনাস্থা জানিয়েছেন তার আইনজীবী।
আজ (১৩ ডিসেম্বর) বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চে এই রিট আবেদনের শুনানি শুরুতেই খালেদা জিয়ার আইনজীবীরা তাদের অনাস্থার কথা জানান। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও বদরুদ্দোজা বাদল।
এর প্রেক্ষিতে রিট আবেদনটি নথিসহ প্রধান বিচারপতির কাছে ফেরত যাবে। প্রধান বিচারপতি আরেকটি বেঞ্চ নির্ধারনের পর আগামি সোম অথবা মঙ্গলবার (১৮ ডিসেম্বর) এই রিটের উপর শুনানি হতে পারে।
অনাস্থার কারণ হিসাবে আইনজীবী এজে মোহাম্মদ আলী বলেন, যেহেতু রিট আবেদনটি এর আগে এক জ্যৈষ্ঠ বিচারপতির নেতৃত্বে দ্বৈত বেঞ্চে শুনানি হয়েছে, সেহেতু একক বেঞ্চেও একজন জ্যৈষ্ঠ বিচারপতির বেঞ্চে শুনানি হওয়া প্রয়োজন।
এসময় হাইকোর্ট তাকে লিখিতভাবে অনাস্থার বিষয়টি জানাতে বলেন।
উল্লেখ্য, খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তিনটি আসনের মনোনয়নপত্রই বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে ৪ সদস্যের নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেন। শুনানিতে প্রার্থিতা বহালের পক্ষে মত দেন কমিশনার মাহবুব তালুকদার।
এমবি





