গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এনে নতুন নির্বাচনের জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) কয়েকজন আইনজীবী।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। যদিও আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
নির্বাচনের চারদিন পর সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ভোটার তালিকায় ভুল ছিলো। কারণ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মোট ভোটার হচ্ছেন ৫ হাজার ২১৮ জন। এর মধ্যে ২১৪ জন অন্য বারে ভোট দেবেন বলে জানিয়েছেন। বাকি থাকলো ৫ হাজার ৪ জন। কিন্তু ভোটার তালিকায় সুপ্রিম কোর্ট বারের ভোটার দেখানো হয়েছে ৩ হাজার ৪০৭ জন।
এছাড়া ঢাকা বারে ভোটার হচ্ছেন ১৯ হাজার ৮৪২ জন। কিন্তু সেখানে ভোটার দেখানো হয়েছে ১২ হাজার ৪২৫ জন। এসব বিষয়ে তদন্তের মাধ্যমে নতুন ভোটার তালিকা প্রণয়ন করে নতুন নির্বাচনের জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধও জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মহসিন মিয়া প্রমুখ।
কেএইচ





