পরীক্ষা ছাড়া ফলাফলের ভিত্তিতে নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণতে ভর্তির জন্য জারি করা সরকারি প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমান্ত রোজারীর এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রজ্ঞাপন জারী করে ৩, ৪ ও ৯ এই তিনটি ধারা  কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আদালত রুলও জারি করেছেন।
শিক্ষা সচিব, মাধ্যমিক ও ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষাবে বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মঈন গণি।
মঈন গণি সাংবাদিকদের জানিয়েছেন, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ভর্তির বিষয়ে গত ১৮ মে শিক্ষা সচিব স্বাক্ষরিত একটি নীতিমালা জারি করে। ওই নীতিমালার ৩, ৪ ও ৯ নম্বরে ধারায় বলা হয়েছে, নটরডেমে অনলাইলে ভর্তি, ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না এবং ভর্তিতে কোটা অনুসরণ করতে হবে।
[b]ঢাকা,কেএ ২৮ মে (টাইমনিউজবিডি.কম)/[/b]