বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন রেখেছেন চেম্বার আদালত।
বৃহস্পতিবার পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি রোববার শুনানির জন্য পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন।
এর আগে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন বার কাউন্সিলের পক্ষে প্রতিষ্ঠানটির সচিব আলতাব হোসেন ও প্রার্থীদের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
একইসঙ্গে বাংলাদেশ বার কাউন্সিল সংশোধনী আইন, ২০০৩ এর ৩ নম্বর ধারাকে কেন অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। এছাড়া ২০১৫ সালের বার কাউন্সিলের নির্বাচনের তফসিল কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত চেয়ে ও নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেন।
আগামী ২৭ মে বার কাউন্সিলের নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।
কেএইচ





