রাজধানীর পল্লবীতে ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে ৭ একর জমি বরাদ্দে দুর্নীতি  মামলায় পুন: তদন্তে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক  চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অপর ৪ জন হলেন, পরিচালক  মেহেদী হাসান, সাবেক  উপ-পরিচালক (এস্টেট)  ও গৃহায়ণের বর্তমান সদস্য  মোঃ আজহারুল হক, কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাবরক্ষক মতিয়ার রহমান

বুধবার দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।

জানা যায়, গত ১৯ জানুয়ারি দুদকের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক হামিদুল হাসান তাদের হাজির হবার নোটিশ পাঠান।

ওই তলবি নোটিশ মোতাবেক তারা আজ বুধবার সকাল ১০ টায় দুদক কার্যালয়ে হাজির হয়ে দুপুর ২ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদকালে নানা প্রশ্নের জবাব দেন।

এদিকে এ মামলায় আগামী ২৫ জানুয়ারি গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরীকে সকাল সাড়ে ৯ টায় তলব করেছে দুদকের তদন্ত কর্মকর্তা।

জানা যায়, গত ৮ নভেম্বর এ মামলার সাবেক তদন্ত কর্মকর্তা (সদ্য বিদায়ী) যতন কুমার রায় তার তদন্ত প্রতিবেদনে এ ৫ জনকে চার্জশিটে আসামি করার সুপারিশ  রেখে কমিশনে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু কমিশন তার প্রতিবেদন আমলে না নিয়ে গত ১৫ জানুয়ারি মামলাটি নতুন করে তদন্তের জন্য উপ পরিচালক হামিদুল হাসানকে দায়িত্ব দেয়।

আরো জানা যায়, গত বছর ৬ মার্চ  দুদকের তৎকালিন উপ-পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে রাজধানীর  শাহবাগ থানায় একটি মামলা করেন। ওই মামলায় বিএনপি নেতা সাবেক ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাবরক্ষক মতিয়ার রহমান সাবেক উপ-পরিচালক (এস্টেট)  মোঃ আজহারুল ঘশকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, ২০০৬ সালে চারদলীয়  জোট সরকার ঢাকা সাংবাদিক বহুমুখী  সমবায় সমিতিকে  ৩  কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে প্রায় ৭ একর বরাদ্দ  দেয়া হয়। তখন জমির বাজার মূল্য ছিল  ১৮  কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা । এর ফলে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকার আর্থিক ক্ষতি হয়।

একে/এসএইচ