আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জাতীয় সংগীত-সংক্রান্ত আইন নেই। এ কারণে যে যার মতো করে জাতীয় সংগীত গায়। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইনও নেই।

বৃহস্পতিবার কমিটির বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংবিধানে বিচারপতিদের অভিশংসন-সংক্রান্ত ৯৬ ধারা নিয়ে কমিটি কাজ করছে। বিএনপি রাজনৈতিক কারণে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার বিষয়টির বিরোধিতা করছে।

তিনি বলেন, বৈঠকে সংবিধান সংশ্লিষ্ট ৪৯টি আইন দ্রুত প্রণয়নের তাগিদ দিয়েছে আইন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এ আইনগুলো না থাকলে সংবিধান সঠিকভাবে বাস্তবায়িত হবে না। এতে শূন্যতা তৈরি হয়।

প্রসঙ্গত, এই সংবিধানে নির্বাচন কমিশনার ও বিচারপতি নিয়োগ আইনও নেই।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন বলেন, সংবিধান সংশ্লিষ্ট আইনগুলো না থাকাতে এক ধরনের সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ