ঢাকা ও নড়াইলের পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বৃদ্ধি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত ডিভিশন খালেদা জিয়ার পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন- বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সাথে ছিলেন আইনজীবী মাকসুদ উল্লাহ, গোলাম আকতার জাকির, কে আর খান পাঠান, অ্যাডভোকেট সুজা প্রমুখ।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, মানহানির অভিযোগে পৃথক ওই দুই মামলায় হাইকোর্ট বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। এ মেয়াদ শেষ হওয়ায় তার পক্ষে আবারও আবেদন করা হয়। যার পরিপ্রেক্ষিতে আদালত ১ বছর করে জামিনের মেয়াদ বাড়ান।

এর আগে নড়াইলের মামলায় ২০১৮ সালের ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় একই বছরের ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের (২০১৯) ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বৃদ্ধি করেন।

২০১৫ সালের ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ও একই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা রায়হান ফারুকী ইমাম বাদি হয়ে মামলাটি করেন।

আর ২০১৬ সালের ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত গত বছরের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন।

এমবি