রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে একটি কাটা রাইফেল ও ৩ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গ্রেফতারকৃত যুবকের নাম দ্বীন ইসলাম দ্বীনু ।

শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১০’র কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া দ্বীন ইসলাম দ্বীনু (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার খালপাড়া চেঙ্গাইন কাঁচপুর এলাকার বদু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (০৫ মার্চ) দিনগত রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুর রহমান জানান, দ্বীনু পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁও থানায় একাধিক অস্ত্র, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মাদক কারবারিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।

দ্বীনুর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এমবি