মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সাবেক সাব রেজিষ্ট্রার মো. জামাল উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে ২১৭ দশমিক ২৫ শতাংশ সরকারি জমি জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে রেজিষ্ট্রি করার অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুদক।
মামলার অপর আসামিরা হলেন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জুশুরগাঁও গ্রামের দিলীপ কুমার পাল, একই উপজেলার ফুলকুচি গ্রামের মো. আকবর আলী এবং শ্রীধাম চন্দ্র সরকার।
এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি বলেন, গত ৮ এপ্রিল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভূমি জালিয়াত চক্রের বিরুদ্ধে দুদকে অভিযোগটি আসে।  দুদকের সমন্বিত ঢাকা বিভাগীয় কার্যালয় বিষয়টি অনুসন্ধান শেষে গত ২৭ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনটি যাচাই বাছাই শেষে আজ রোববার দুদকের নিয়মিত সভায় মামলা দায়েরের জন্য অনুমোদন দেয়া হয়।
এখন যে কোনো সময় শ্রীনগনর থানায় দুদকের পক্ষ থেকে মামলাটি দণ্ডবিধি ৪২০/৪৬৭/ ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রেকর্ড করা হবে।
[b]ঢাকা,একে,২৫ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]