জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে মেশিনের পরিবর্তে কাঠের বাক্স সরবারহ করে ৯৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই প্রতিষ্ঠানের মালিক মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে দন্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫১১ ধারায় মামলা দায়েরের জন্য অনুমোদন দিয়েছে।

জানা যায়, দুদকের উপ পরিচালক মো. খায়রুল হুদার অনুসন্ধানী প্রতিবেদন এবং মামলা দায়েরের আবেদন পর্যালোচনা করে মামলার অনুমোদন দেয় কমিশন। ফলে শিগগিরই মো. খায়রুল হুদা বাদী হয়ে মেসার্স হাসান এন্টারপ্রাইজের মালিক মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।

জানা যায়, ২০১৩ সালে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসাপাতালে হাই প্রেসার স্টিম স্টেরিলাইজার মেশিন সরবরাহের পরিবর্তে শুধুমাত্র কাঠের বাক্স সরবরাহ করা হয়। প্রতারণা ও জালিয়াতির আশয় নিয়ে একটি খালি কাঠের বাক্স সরবরাহের মাধ্যমে মেসার্স হাসান এন্টারপ্রাইজের মালিক মহিউদ্দিন আহমেদ ৯৯ লাখ টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়টি নিয়ে দুদক দীর্ঘ অনুসন্ধান চালায়। দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা বেরিয়ে এসেছে। যার ফলে ওই প্রতারকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় কমিশন।

একে/জেডআই