সুপ্রীম কোর্টে রেজিস্ট্রার জেনারেল ও আপিল বিভাগের একজন রেজিস্ট্রারসহ মোট ১১টি নতুন পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার স্বাক্ষর সংবলিত সুপারিশটি সম্প্রতি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।
নতুন পদগুলো হল—রেজিস্ট্রার জেনারেল ১ জন, আপিল বিভাগের রেজিস্ট্রার ১ জন, রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব ১ জন, রেজিস্ট্রার জেনারেল ও আপিল বিভাগের রেজিস্ট্রারের ব্যক্তিগত কর্মকর্তা ১ জন করে ২ জন, ড্রাইভার ১ জন করে ২ জন এবং অফিসিয়াল কর্মচারী ২ জন করে ৪ জন। সুপারিশে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে করার জন্য নতুন এই পদগুলো খুবই দরকার। একই সঙ্গে আদালতের কাজের গতি বাড়ানো ও বিচারপ্রার্থীদের সুবিধার্থে পদগুলো সৃষ্টির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
নতুন এই পদগুলো সৃষ্টি হলে সুপ্র্রীম কোর্টের বর্তমান রেজিস্ট্রার হবেন রেজিস্ট্রার জেনারেল। বর্তমানে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য একজন আলাদা রেজিস্ট্রার রয়েছেন। কিন্তু আপিল বিভাগের জন্য আলাদাভাবে কোনো রেজিস্ট্রার নেই। তবে সুপ্রীম কোর্টের রেজিস্ট্রারই বর্তমান সময়ে উভয় বিভাগের (হাইকোর্ট ও আপিল) কার্যক্রম দেখভাল করেন।
রেজিস্ট্রার সূত্র জানায়, প্রধান বিচারপতির স্বাক্ষর সংবলিত সুপারিশটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় সুপারিশটি অনুমোদন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন। এরপর সেটি অর্থ মন্ত্রণালয় হয়ে আবার জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ে আসবে। এরপর নতুন পদ সৃষ্টি হবে।
রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে বর্তমানে প্রায় দুই হাজার ১শ’ কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। একই সঙ্গে হাইকোর্টে অতিরিক্ত রেজিস্ট্রার রয়েছেন ২ জন। ডেপুটি রেজিস্ট্রার আছেন ৮ জন। এর মধ্যে ৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং বাকী ৫ জন পদোন্নতিপ্রাপ্ত হয়ে দায়িত্বপ্রাপ্ত। সহকারী রেজিস্ট্রার রয়েছেন ১১ জন। এর মধ্যে ৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং ৬ জন পদোন্নতিপ্রাপ্ত হয়ে দায়িত্বপ্রাপ্ত।
এ ছাড়া আপিল বিভাগে অতিরিক্ত রেজিস্ট্রার ১ জন, ডেপুটি রেজিস্ট্রার ১ জন এবং সহকারী রেজিস্ট্রার হিসেবে ৩ জন কর্মরত আছেন।
ইআর





