অবশেষে সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে চার্জশিটের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে কমিশনের দৈনন্দিন সভায় সোহল রানা এবং তার বাবা-মা সহ মোট ১৮ জনের বিরুদ্ধে এ চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনের পর এ বিষয়ে নিশ্চিত করেন দুদক কমিশনার (তদন্ত)মো.সাহাবুদ্দিন চুপ্পু।
তিনি বলেন, মামলা পরবর্তী তদন্তে সোহেল রানার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে চার্জশিটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া আরও যাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন- রানার বাবা আবদুল খালেক, রানার মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কমিশনার হাজি মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আর্কিটেকচার ডিসিপ্লিন) আর্কিটেক্ট এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌর মেয়র রেফাতউল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোত্তালিব, সাবেক সচিব আবুল বাশার, ভবনের ফ্যান্টম অ্যাপারেলসের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমসের এমডি বজলুস সামাদ ও ইথার টেক্সের চেয়ারম্যান আনিসুর রহমান।
ঢাকা,১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর





