পুরান ঢাকার হোসনি দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তাজিয়া মিছিলে বোমা হমলার তদন্ত কাজের গুরুত্বতা বুঝে আজ বিকেলেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান হলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মারুফ হাসান। বাকি দুই সদস্য হলেন, ডিএমপির জয়েন্ট কমিশনার মীর রেজাউল আলম ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুরান ঢাকার হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শতাধিক লোকজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।
আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সানজু নামের একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
এমআর





