গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ লিমিটেড-আইসিএল’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচএনএম শফিকুর রহমানকে পুনরায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান তাকে পুনরায় এ তলবি নোটিশ পাঠান। নোটিশে শফিকুর রহমানকে আগামী ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

সুত্র জানায়, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ৭০ হাজার গ্রাহকের কাছ থেকে ১ হাজার কোটি টাকা হাতিয়ে নেন শফিকুর রহমান গং। আর অভিযোগের ওপর দুদক ২০১৩ সাল থেকে অনুসন্ধান চালাচ্ছে।

তবে দেড়বছরেও অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করায় সম্প্রতি উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিনকে অনুসন্ধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।একই সঙ্গে উপ-পরিচালক হামিদুল হাসানকে।

এরপর এ বিষয়ে রেকর্ডপত্র বুঝে পাওয়ার পর শফিকুর রহমানকে পুনরায় তলবি নোটিশ পাঠানো হয়। এছাড়া পুন:অনুসন্ধানের অংশ হিসেবে শফিকুর রহমান, আইসিএল’র পরিচালক ও তার স্ত্রী কাজী শামসুন্নাহার দিনা, শফিকুরের পুত্র-কন্যার ব্যাংক একাউন্টে লেনদেনের রেকর্ড চাওয়া হবে।

সূত্র জানায়, ১২ বছর ধরে আইসিএল গ্রুপের সহযোগী এ প্রতিষ্ঠান (সমবায় সমিতি) গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে। ২০০১ থেকে ২০১২ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানটির অডিট রিপোর্টে বেশকিছু আপত্তি ছিল। তাতে গ্রুপের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম, এমডি এইচএনএম শফিকুর রহমান এবং ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) মোঃ শহিদুল্লাহসহ ৯ জন পরিচালককে দায়ী করা হয়।  

এমডি শফিকুর রহমানের নেতৃত্বে এ চক্র ৭০ হাজার গ্রাহকের আমানত আত্মসাত করে। দুদকের অনুসন্ধান প্রক্রিয়ায় গত মার্চে শফিকুর রহমানকে একবার দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

একে/এসএইচ