গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন ভুমি অফিসের সহকারি কমিশনার (এসি ল্যান্ড) মো. আবদুল লতিফ মিয়ার বিরুদ্ধে ১ কোটি টাকার ঘুষের বিনিময়ে ১০ কোটি টাকা শূল্যের ৩ একর খাস জমি মৃত ব্যাক্তির নামে নামজারির অভিযোগ খতিয়ে দেখছে দুদক।
মঙ্গবার দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়মিত সভায় উক্ত অভিযোগ অনুসন্ধানের জন্য উপপরিচালক মো. বেনজীর আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে।
দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভুমি সহকারি কমিশনার মো. আবদুল লতিফ মিয়া তেলহাটি ইউনিয়নের ভুমি অফিসের দায়িত্বে থাকাকালে টেপিরবাড়ী মৌজায় ৩ একর সরকারি খাস জমি যার বর্তমান মূল্য প্রায় ১০ কোটি টাকা। তিনি মাত্র ১ কোটি টাকা ঘুষের বিনিময়ে ওই জমি জনৈক মৃত ব্যক্তির নামে নাম জারি করে দেন।
এ অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য উপ পরিচালক মো. বেনজীর আহমেদকে বলা হয়েছে।
প্রতারণা:
দি আরবান কো-অপারেটিভ ব্যাংকের মালিক মেজর (অব.) সেলিমের বিরুদ্ধে প্রায় ৮০ জনের কাছ থেকে নেয়া ১ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুদক।
অভিযোগ রয়েছে, রাজধানীর সেনপাড়া-পর্বতায় দি আরবান কো-অপারেটিভ ব্যাংকের মালিক মেজর (অব.) সেলিম ওই লোকজনের কাছ থেকে উচ্চ হারে মুনাফা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এ অর্থ নেয়। কিন্তু লোকজনের কাছ থেকে আর্থ হাতিয়ে নেয়ার পর তিনি জামানতকারীদেরকে আর মুনাফা দিচ্ছেন না। এমনকি পুরো টাকা আত্মসাতের চেষ্টায় রয়েছেন।
এ ঘটনায় অসহায় লোকজন টাকা উদ্ধারের জন্য গত ৬ জুন দুদক চেয়ারম্যানের দফতরে আবেদন জানান। গতকাল মঙ্গলবার দুদকের নিয়মিত সভায এ বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য উপপরিচালক মো. বেনজীর আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে।
ভুয়া সনদ:
মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি পেয়েছে এনবিআর’র কর অঞ্চল পশ্চিমের সহকারি রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান। গত ২০ মে এ অভিযোগটি যাচাই বাছায়ের পর অনুসন্ধানের জন্য দুদকে সংশ্লিষ্ট শাখায় জমা হয়।
পরে গত মঙ্গলবার দুদকের নিয়মিত সভায় অনুসন্ধান করে মামলা দায়ের জন্য প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেয়া হয় উপ পরিচালক এস এম গোলাম মওলা সিদ্দিকীকে।
ঢাকা, একে, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





