রাজধানীর গুলশান-২ সেকশনের একটি বাসা থেকে সাহারা বানু (৭০) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ মে) রাতে গৃহকর্মীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ফলে তার মৃত্যু হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল আহাদ জানান, গুলশানের ৬২ নম্বর সড়কের ৬ নম্বর বাসায় ৩০ বছরের বেশি সময় ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন সাহারা বানু।
তিনি বলেন, “ওই বাসার গৃহকর্তা পরিবারের সদস্যদের নিয়ে দেশের বাইরে রয়েছেন। বাসায় ছিলেন শুধু সাহারা। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে।”
অতিরিক্ত উপকমিশনার আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এতে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমবি





