অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জামায়াত সহকারী সেক্রেটারী জেনারেল মিঞা মোহাম্মদ গোলাম পারওয়ারকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী গোলাম পারওয়ারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেছেন। তিনি টাইম নিউজ বিডিকে জানান, আবেদনটি মঞ্জুর হলে এক সপ্তাহের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে।
দুদকের  একটি দায়িত্বশীল সূত্র টাইম নিউজ বিডিকে জানায়, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারী জেনারেল মিঞা মোহাম্মদ গোলাম পারওয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খুলনায় অনুসন্ধান করা হচ্ছে।
সূত্র জানায়, জামায়াতের এই নেতার গত নবম সংসদ নির্বাচনে দেয়া হলফনামা ও আয়কর বিবরণী পর্যালোচনা করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার আগে তার বক্তব্য জরুরি হওয়ায় জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য গতকাল রোববার কমিশন থেকে খুলনা জজ আদালতেও আবেদন করা হয়েছে।
মিঞা মোহাম্মদ গোলাম পারওয়ার বিরুদ্ধে আনা অভিযোগ:
১. সংসদ সদস্য থাকাকালীন মিঞা মোহাম্মদ গোলাম পারওয়ার এলাকার মানুষের জন্য দেয়া সরকারি বিভিন্ন ভাতার টাকা আত্মসাৎ করেছেন।
২. বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে সরকারের বাজেটের টাকা সঠিকভাবে ব্যবহার না করে দুবাই ও মালয়েশিয়ায় পাচারের অভিযোগ আনা হয়েছে।
গত ২৯ জানুয়ারি গোলাম পারওয়ার এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ তিনজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক।
এরপর গত ২ ফেব্রুয়ারি অভিযোগ অনুসন্ধানে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী নিযুক্ত করা হয়।
[b]ঢাকা, জিই মার্চ ৪ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]