কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে করা আপিলের শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সুপ্রিম কোর্ট এলাকা।

আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সুপ্রিম কোর্টের প্রবেশ পথগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট এলাকার বাইরে চার দিকেই রয়েছে ব্যাপক সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।

হাইকোর্টের মূল গেইট দিয়ে প্রত্যেকের পরিচয় নিশ্চিত হওয়ার পরই ভেতরে যেতে দেওয়া হচ্ছে। ভেতরে যেতে পারছেন আইনজীবী, সাংবাদিক ও কোর্ট সংশ্লিষ্টরা। বিএনপির কোনো নেতাকর্মী কিংবা বহিরাগত কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। 

বিএনপির উৎসুক নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে সুপ্রিম কোর্ট এলাকার বাইরে ঘোরাফেরা করছেন। তবে বিভিন্ন পরিচয়পত্র দেখিয়ে কেউ কেউ ভেতরেও প্রবেশ করেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদার বলেন, আমি কোর্টের ভেতরে আছি। কোর্টের ভেতরে ও বাইরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বহিরাগত কেউ ভেতরে যেতে পারছেন না।

জানা গেছে, চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার ৮ নম্বরে রয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক মেডিক্যাল বোর্ডের রিপোর্ট ৫ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

এমবি