জাতীয় প্রেসক্লাবের দখলদার কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। 

জাতীয় প্রেসক্লাবের বিষয়ে ঢাকা জজ কোর্টের দেয়া এক আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

প্রেসক্লাবের ২০১৪-১৫ মেয়াদের নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ মামলাটি দায়ের করেছিলেন।

আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী।

আদেশের পরে সৈয়দ আবদাল আহমদ সাংবাদিকদের বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের দখলদার কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আমি একটি রিভিশন আবেদন করি হাইকোর্টে। সে আবেদনের শুনানি শেষে আজ আদালত এ আদেশ জারি করেন।’

এর আগে গত ১০ জুন জাতীয় প্রেসক্লাবের অনির্বাচিত নতুন কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- সে মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকার প্রথম যুগ্ম জজ আদালত।

এই মামলায় ক্লাবের অনির্বাচিত নতুন কমিটিকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল এই আদালত।

প্রেস ক্লাবের আগের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সাংবাদিকদের একাংশ গত ২৮ মে কোনো নির্বাচন ছাড়াই প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নেয়।

নতুন কমিটিতে সভাপতিসহ ১০টি পদে আসীন হয়েছেন সরকার সমর্থকরা। আর সাধারণ সম্পাদকসহ ৭টি পদ পেয়েছেন সরকারের অনুগত বিএনপিপন্থী দাবীদার সাংবাদিকরা।

প্রেস ক্লাবে গত কয়েকটি নির্বাচনেই বিএনপি-জামায়াতপন্থীদের কাছে পরাজিত হয়েছে আওয়ামী সমর্থিত প্যানেল।

 

এমএইচ/কেএইচ