কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে আদালত চত্বরে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা।   

আজ (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ করছে বিএনপিপন্থী আইনজীবীরা। একইসঙ্গে আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও স্লোগান দিচ্ছেন।

এসময় বিশৃঙ্খলার অভিযোগে আদালত প্রাঙ্গণ থেকে এক আইনজীবীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন শুনানি চলছে। বাইরে বিএনপিপন্থী আইনজীবীরা ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে, খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খালেদা জিয়ার ভাগ্যে কী ঘটছে তা নিয়ে বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আজ উচ্চ আদালতের দিকে। আদালতের আদেশকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে গতকাল থেকেই সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আপিল বিভাগের এক নাম্বার এজলাস কক্ষে আইনজীবী ও সাংবাদিকদেরকে প্রবেশ করার ক্ষেত্রে তিন ধাপে তল্লাশি করে প্রবেশ করানো হচ্ছে।

এমবি