রাজধানীর ফার্মগেইটে গ্রিনওয়ে ইন্টারন্যাশনাল হোটেলে কোচিং করতে আসা কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, আনিছুর রহমান শাওন ও হাবিবুল্লাহ হাবিব ওরফে নিলয়।
শনিবার পৃথক দুই অভিযানে রাজধানীর মোহাম্মদপুর ও রংপুরের পীরগাছা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, গত ১৪ আগস্ট মেয়েটিকে তার হোস্টেল থেকে ডেকে নিয়ে ফার্মগেইটের গ্রিনওয়ে ইন্টারন্যাশনাল হোটেলের ৫১৭ নম্বর কক্ষে ধর্ষণ করে। গ্রেফতারকৃত দুইজন স্বীকার করেছে যে তারা ওই ধর্ষণের সঙ্গে জড়িত।
আসামীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মনিরুল ইসলাম বলেন, ওই ছাত্রী জামালপুর থেকে বিশ্ববিদ্যালয়ের কোচিং করতে ঢাকা এসেছিল।
গত ১৪ আগস্ট বিকেলে ঢাকায় তার এলাকার পরিচিত আনিছুর রহমান শাওন তাকে পড়ার সীট দেওয়ার কথা বলে মৌচাকের হোস্টেল থেকে বের করে ফার্মগেইটের ওই আবাসিক হোটেলে নিয়ে যায়।
সেখানে হাবিবুল্লাহ হাবিব ওরফে নিলয় আগে থেকেই অবস্থান করছিল। তারা দুইজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এরপর সন্ধ্যা ৭ টার দিকে তাকে ছেড়ে দেয়।
ছাত্রী মোবাইল ফোনে পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায়। এরপর গত ১৫ আগস্ট ভিকটিমের বাবা রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলাটির ছায়া তদন্ত করে। তারই ধারাবাহিকতায় শনিবার রংপুর ও মোহাম্মদপুর থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।
এমআর/এসএইচ





