বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানার নাশকতার মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ৩০ মার্চ দিন ধার্য করেছে আদালত।
আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন আজ বুধবার নতুন এ দিন ধার্য করেন।
পূর্ব নির্ধারিত দিন আজ বুধবার কারাগার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বেশির ভাগ আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন পেছানোর জন্য সময় আবেদন করেন।
অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল।
মিছিলে যাওয়ার পথে বেইলি রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মী মানুষ ও পুলিশ হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, লাঠি, লোহার রড নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী হোসেন বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
২০১৪ সালের ৪ আগস্ট ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাশ মির্জা ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এআই





