সোনালী ব্যাংকের সাবেক জিএম বাকী বিল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে ৬ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী মতিঝিল থানায় দন্ডবিধি ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার মামলাটি দায়ের করেন। মামলা নং-৪৪।

আসামিদের মধ্যে রয়েছেন, সোনালী ব্যাংকের সাবেক জিএম বাকী বিল্লাহ, সোনালী ব্যাংক বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার (মতিঝিল) এজিএম মো. আব্দুল হাই, রাহান গার্মেন্টস লিমিটেড’র এমডি সাইদুর ইসলাম খান এবং পরিচালক আবু সাইদ শাহরিয়ার আহমেদ।

মামলার অভিযোগে বলা হয়-আসামিরা পরস্পর যোগসাজশে সোনালী ব্যাংকের বৈদিশিক বাণিজ্য কর্পোরেট শাখা থেকে ভুয়া এলসি’ এবং শিপমেন্টের নামে ৬ কোটি ৬ লাখ১৬ হাজার ৫২৮ টাকা ঋণ নেয়।

কিন্তু অদ্যাবধি ওই ঋণ পরিশোধ না করে পুরো টাকা আত্মসাত করেছেন। যা বর্তমানে সুদসহ ৬ কোটি ১৭ লাখ ৪১ টাকায় দাঁড়িয়েছে।

সম্প্রতি কমিশনের অনুমোদনের পর আজ অনুসন্ধানী কর্মকর্তা মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

একে/এসএইচ