রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে রমনা থানার মামলায় জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক এ আদেশ দেন।
এর আগে সকালে রাজধানীর রমনা ও শাহবাগ থানায় দায়ের করা ২টি হত্যা মামলায় আদালতে মির্জা আলমগীরের জামিন আবেদনের শুনানি হয়।
আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করেন।
গত ২৭ মার্চ ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
গত বছরের ৩০ নভেম্বর মালিবাগে পেট্রোলবোমা হামলায় বাসযাত্রী হাবিবুর রহমান নিহত হন। ওই ঘটনায় রমনা থানায় পুলিশ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
গতবছরের ২৮ নভেম্বর শাহবাগ শিশুপার্কের সামনের রাস্তায় বোমা নিক্ষেপ করা হয়। এতে বাস আইল্যান্ডে উঠে গেলে পথচারী নাহিদ নিহত হন। ওই ঘটনায় শাহবাগ থানার পুলিশ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে।
এ দুই মামলায় মির্জা ফখরুলকে উস্কানিদাতা হিসেবে আসামি করা হয়েছে। বর্তমানে এ মামলা দুটিতে তিনি আটক রয়েছেন।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]