ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্য থেকে এক কিশোরীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ঢামেক হাসপাতালের বাগানগেটে কর্তব্যরত আনসার সদস্যরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

এসআই আরও জানান, হাসপাতালের বাগানগেটে সিলভার রঙের একটি অটোরিকশার মধ্যে (ঢাকা মেট্রো-দ ১১-০৬৯১) লাশটি ছিল। অটোরিকশার চালক হচ্ছেন- ফুলসুর মিয়া। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চালকের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, মিরপুর-১২ বাস স্টেশন থেকে নারী-পুরুষসহ মোট ৩ জন চাদর দিয়ে পেঁচানো অবস্থায় এই কিশোরীকে নিয়ে অটোরিকশায় উঠেন। তখন তাঁরা জানায়, কিশোরী খুবই অসুস্থ, তাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

“চালক তাদের কথামতো ঢামেকে আসেন এবং হাসপাতালের বাগানগেটে ভিতরে সিএনজিটি রাখেন। তখন ওই ৩ যাত্রী চিকিৎসক ডেকে আনার কথা বলে সিএনজিতে কিশোরীকে রেখে ভিতরে চলে যান। এরপর তাঁরা আর ফিরে আসেননি। চালক কিশোরীর লাশ নিয়ে সেখানেই দাঁড়িয়েছিলেন।”

এসআই বাচ্চু মিয়া আরও বলেন, শাহবাগ থানার পুলিশ বিষয়টি দেখছে। তাঁরা তদন্ত শুরু করেছে। চালক সত্য কথা বলছে, না-কি এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা পরে জানা যাবে।

এমবি