রাজধানীর শেরে বাংলা নগরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হানিফ মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

আজ রোববার সকালে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী।

মহিউদ্দিন ফারুকী বলেন, ‘কিডনি হাসপাতালের সামনে নিয়মিত ডিউটির অংশ হিসেবে র‍্যাবের একটি টহল টিম তল্লাশিচৌকি স্থাপন করে। চৌকিতে সন্দেহভাজন গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল যাত্রীদের তল্লাশি করছিল।

শনিবার রাত ১২টার দিকে একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেওয়া হয়। এরপর ওই অটোরিকশা থেকে চালকসহ তিনজন নেমে এলেও ভেতরে থাকা আরেক ব্যক্তি নামতে চাননি।’

মহিউদ্দিন ফারুকী আরো বলেন, ‘এরপর ওই ব্যক্তিকে নামতে অনুরোধ করা হয়। সে সময় অটোরিকশা থেকে নামা তিনজন হঠাৎ আচমকা ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে জাতীয় মানসিক হাসপাতালের সীমানা গ্রিল টপকে পালিয়ে যায়।

সে সময় অটোরিকশায় থাকা ব্যক্তি র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর উভয়পক্ষের গোলাগুলিতে ওই দুর্বৃত্ত গুরুতর আহত হয়। গুলিবিদ্ধ আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

র‍্যাবের এসপি বলেন, ‘সে সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও একটি সিএনজিচালিত অটোরিকশা (ঢাকা মেট্রো-থ-১১-১০৪০) উদ্ধার করা হয়। নিহতের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে জানা যায়, তার নাম শাহীন বিশ্বাস। গ্রামের বাড়ি নারায়ণঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়।’

এএস