গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী নিত্য শাহাদাতের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সকালে তার শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা তার জামিন আবেদন মঞ্জুর করেন। আসামির জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু।

মামলায় নিত্য শাহাদাতের এর আগে দুই দফায় জামিন আবেদন নামঞ্জুর করা হয়। সর্বশেষ নামঞ্জুর হয়েছিল ১৯ নভেম্বর। ওইদিন জামিন আবেদন নামঞ্জুর করে শুনানির জন্য আজকের (মঙ্গলবার) দিন ধার্য করেন। এর আগে ১৪ অক্টোবরও জামিন আবেদন নাকচ করা হয়। এরও আগে ৪ অক্টোবর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে পাঁচ কার্যদিবসের মধ্যে জেলগেটে সর্বোচ্চ তিন দিনব্যাপী জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন সিএমএম আদালত।

গত ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগ এলাকা থেকে ক্রিকেটার শাহদাতের স্ত্রী নিত্যকে গ্রেপ্তার করা হয়। মালিবাগে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর কালশী থেকে শাহাদাতের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) উদ্ধার করে পুলিশ। হ্যাপি পুলিশের কাছে দেয়া তার জবানবন্দিতে শাহাদাত ও তার স্ত্রীর নির্যাতনের কথা বলে। ওই রাতেই মিরপুর মডেল থানায় শাহাদাত দম্পতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক।

এমএইচ