কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের গেটে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগে এক আইনজীবীকে আটক করা হয়েছে।

আটক আইনজীবীর নাম নাম মো. ফায়জুল্লাহ।

আজ (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সুপ্রিম কোর্টের গেটে তল্লাশির সময় তাকে আটক করে পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করার সময় ফাইজুল্লাহ কোটের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করেন- আপনি কে? কোর্ট সংশ্লিষ্ট কেউ আপনাদের সঙ্গে আছে? কিন্তু ওই সময় তিনি তার পরিচয় দিতে চাননি। তাকে প্রবেশে বাধা দেওয়া হলে তিনি বাকবিতণ্ডা শুরু করেন। এ সময় পুলিশ তাকে আটক করে প্রিজন ভ্যানে তোলে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, “স্বাভাবিকভাবেই কোর্টে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হচ্ছে। পরিচয় নিশ্চিত না হয়ে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এসময় একজনকে তার পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি পরিচয় না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করেন- আপনি কে আমার পরিচয় জানার? আপনাদের সঙ্গে কি কোট সংশ্লিষ্ট কেউ আছেন? আমি কে আপনারা চেনেন না? আজই কি এখানে নতুন ডিউটি করছেন?”

তিনি বলেন, “এই ঘটনার পর তিনি বাকবিতণ্ডা শুরু করেন এবং পরিচয় না দিয়ে প্রবেশের চেষ্টা করলে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেবো।”

তিনি জানান, গোয়েন্দা তথ্য রয়েছে, দুষ্কৃতকারীরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে আদালতের ভেতরে প্রবেশ করতে পারে। তিনি একজন আইনজীবী এটাও তিনি বলেননি। কোনও পরিচয় দেননি। উল্টো বাকবিতণ্ডা করে গেটে শৃঙ্খলা নষ্ট করেন।

এদিকে, খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  খালেদা জিয়ার ভাগ্যে কী ঘটছে তা নিয়ে বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আজ উচ্চ আদালতের দিকে। আদালতের আদেশকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে সুপ্রিম কোর্ট এলাকাতেও। কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আপিল বিভাগের এক নাম্বার এজলাস কক্ষে আইনজীবী ও সাংবাদিকদেরকে প্রবেশ করার ক্ষেত্রে তিন ধাপে তল্লাশি করে প্রবেশ করানো হচ্ছে।

এমবি