ময়মনসিংহের কোতোয়ালী থানার কালীবাড়ি প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রথম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান অভি (৮) হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তার খেলার সাথী ৫ শিশুর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

ওই ৫ শিশুকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। একইসঙ্গে এই সময়ের মধ্যে ময়মনসিংহের শিশু আদালতে তাদেরকে আত্মসমর্পণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের এ জামিন দেন।

আদালতে শিশুদের পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফজলুল হক খান ফরিদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ।

গত ৬ জুলাই সাকিবুল হাসান অভিকে (৮) হত্যা করা হয়। এই ঘটনায় অভির মা পারভীন থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

পরে গত ২৪ সেপ্টেম্বর অভির মা কোতোয়ালী থানায় হত্যার অভিযোগে তার খেলার সাথী পাঁচ শিশুকে আসামি করে মামলা করেন।

এএস