গত ১০ মাসে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ১৯৫টি মামলা আদালতে নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে সাজা হয়েছে ৮০ মামলায় এবং অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছে ১১৫ মামলার আসামি।

বৃহস্পতিবার দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব মো: মাকসুদুল হাসান খান এ তথ্য জানান। এ সময় দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে সচিব বলেন, ২০১৪ সালে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত ১০ মাসে ২৩৮টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। একই সঙ্গে ৪২৩টি চূড়ান্ত প্রতিবেদন দাখিল ও ৪১৩টি চার্জশীটও অনুমোদন দিয়েছে দুদক।

দুদক সচিব বলেন, গত ১০ মাসে দুদকে ৮৬৩৭টি অভিযোগ জমা পড়ে কমিশন। কমিশনের তফসিলভুক্ত না হওয়ায় ৭৬২১টি অভিযোগ বাদ পড়ে এবং যাচাই বাছাই শেষে ৮৩৫ টি অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হয়।

তিনি বলেন, অক্টোবরে ৭৪৬টি মধ্যে যাচাই বাছাই শেষে অনুসন্ধানের জন্য গৃহীত প্রতিবেদনের সংখ্যা ৫৪টি।

দুদক সচিব বলেন, দুদকের কাজ কাউকে অব্যাহতি দেয়া নয়। প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতেই অনুসন্ধান করে আদালতে চার্জশিট দেয়া পর্যন্ত দুদকের দায়িত্ব। এর পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার হয়।

একে/ এআর