কুমিল্লার দেবিদ্বার উপজেলায় স্কুলশিক্ষার্থী ফারজানা আক্তার (১১) হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলো- আবদুর রশিদ (২৭) ও বশির আহামদ (২৭)।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০১০ সালের ১৬ জুন বিদ্যালয়ে যাওয়ার পথে ফারজানাকে উপজেলার নারায়ণপুর গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আবু বকর সিদ্দিক দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা হামলা দায়ের করেন।

মামলা দায়ের করার পরদিন রশিদ ও বশিরকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১০ সালের ১৯ আগস্ট মামলার অভিযোগপত্র দেয়া হয়। ১৪ জনের সাক্ষ্য গ্রহণের পর আজ রায় দেওয়া হলো।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নিশাত সালাহউদ্দিন বলেন, রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় দুই আসামি উপস্থিত ছিলেন। রায় শুনে তারা কান্নায় ভেঙে পড়ে।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ