দেশের বিভিন্ন কোম্পানীর তৈরীকৃত ওষুধের সরকার কর্তৃক মূল্য তালিকা প্রস্তুত করা, নকল ওষুধ প্রস্তুত ও বাজারজাত বন্ধে মনিটরিং সেল গঠন করতে রুল জারি করেছেন আদালত।
একই সঙ্গে বিনামূল্যে বিতরণ করা সরকারী ওষুধের তালিকা দৈনিক পত্রিকায় প্রকাশের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধের দোকানি কর্তৃক বিক্রয়যোগ্য ওষুধের তালিকা কেন প্রস্তুত করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে  বিবাদী আইন সচিব, স্বাস্থ্য সচিব, ওষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
জনস্বার্থে গত বছরের ১৭ ডিসেম্বর অ্যাডভোকেট জে আর খার রবিনের পক্ষে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী শরীফ ইউ আহম্মেদ, মির্জা আল মাহমুদ ও জীবন নেছা মুক্তি।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]