রিজার্ভের টাকা চুরির ঘটনা ধামাচাপা দিতেই প্রযুক্তিবিদ জোহাকে অপহরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান।
সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন) তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ডাঃ শফিকুর রহমান বলেন, তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজ হওয়ার ঘটনাটি রহস্যজনক। রিজার্ভের টাকা চুরির ঘটনা ধামাচাপা দিতেই প্রযুক্তিবিদ জোহাকে অপহরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে গত ১৬ মার্চ দিবাগত রাত ১টায় অপহরণ করার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন থানায় জিডি করতে গেলে থানা পুলিশ জিডি গ্রহণ করেনি। থানা পুলিশ কর্তৃপক্ষ তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার পরিবারের পক্ষ থেকে করা জিডি গ্রহণে অস্বীকৃতি জানানোর ফলে তার নিখোঁজের রহস্য আরো ঘনিভূত হচ্ছে।
তিনি বলেন, তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা এখন কোথায় কি অবস্থায় আছেন তা দেশবাসী জানতে চায়। তাকে অপহরণ করার পর থেকে তার পরিবার-পরিজন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন। তার রহস্যজনক নিখোঁজের ব্যাপারে দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি আরো বলেন, দেশবাসীর প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় বিশেষজ্ঞ মতামত দেয়ার কারণেই কি তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে অপহরণ করা হয়েছে? দেশবাসী মনে করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় জড়িত রাঘব-বোয়ালদের নাম এসে যাওয়ার কারণেই তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে অপহরণ করা হয়েছে যাতে জড়িত রাঘব-বোয়ালদের নাম গোপন থাকে।
ডাঃ শপিকুর রহমান তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে খুঁজে বের করা এবং তাকে যারা অপহরণ করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এমআইএস।





