গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ রবিবার আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল রবিবার। মির্জা ফখরুল, গয়েশ্বর চন্দ্র রায় কারাগারে আটক থাকায় তাদের আদালতে হাজির না করায় অ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পিছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করে।

২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলাটি দায়ের করে পুলিশ।

২০১৪ সালের ১৪ মে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশফাক গাজী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এএইচ