স্বরাষ্ট্র মন্ত্রণালয় সময় নির্ধারণ করে দেওয়ার পর সেই সময়ে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার লাভলু।

বুধবার বিকালে তিনি এ তথ্য জানান।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের নীল কাগজের কপিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার বিচারপতি স্বাক্ষর করেন। এটি এখন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

ডেপুটি জেলার লাভলু বলেন, ‘ফাঁসির কার্যকরের যাবতীয় কার্যক্রম যেহেতু আগেই সম্পন্ন করা হয়েছে, সেহেতু রায়ের কপি হাতে আসার পর সরকারের আদেশ বাস্তবায়নে যেন বিন্দুমাত্র বিলম্ব না হয়, সেজন্য আমরা প্রস্তুত আছি।’

তিনি জানান, রায়ের কপি আসার পর তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হবে। তিনি প্রাণভিক্ষা না চাইলে সেটি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কার্যকরের জন্য যে সময় দেবে, সে সময়েই ফাঁসি কার্যকর করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নীল কাগজের রায়ের কপিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আমিনুল ইসলামের কার্যালয়ে নেওয়া হয়েছে।

এদিকে কামারুজ্জামানের রিভিউ আবেদনের রায়ের কপিতে প্রধান বিচারপতিসহ চার বিচারপতির স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

কারাগারের সামনের রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদের তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ ভ্যান টহল দিচ্ছে। ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে তৎপরতা লক্ষ্য করা গেছে কারা কর্তৃপক্ষের মধ্যেও।

এসএইচ