হাইকোর্টে খারিজ হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছেন তার আইনজীবীরা। এই বিষয়ে আগামীকাল (সোমবার) শুনানি অনুষ্ঠিত হবে।
আজ (২৩ ডিসেম্বর) রোববার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
এই তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল। তিনি জানান, খালেদা জিয়ার আবেদনের ওপর আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে তিন আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্টের একক বেঞ্চ।মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদনের ওপর গত ১১ ডিসেম্বর দ্বিধাবিভক্ত আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দ্বিধাবিভক্ত এই আদেশ দেন। যার ফলে মামলাটির নথি প্রধান বিচারপতির কাছে যায়।
এরপর মামলাটি শুনতে বিচারপতি জে বি এম হাসানের একক বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। কিন্তু এই আদালতের খালেদা জিয়ার আইনজীবী শুনানি করতে অনাস্থা প্রকাশ করলে আদালত তা লিখিতভাবে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন।
এরপর ১৮ ডিসেম্বর সকালে খালেদা জিয়ার রিট আবেদনের ওপর হাইকোর্টের তৃতীয় বেঞ্চে অনাস্থা আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। পরে আদালত আবেদনটি খারিজ করে দেন এবং তাদেরকে রিটের ওপর শুনানি করতে বলেন। কিন্তু অনাস্থা আবেদন খারিজ হওয়ায় সর্বোচ্চ আদালতে যাওয়া হবে বলে আদালত বর্জন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
গত ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেন। শুনানিতে প্রার্থিতা বহালের পক্ষে মত দেন মাহবুব তালুকদার। বিপক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ জন।
উল্লেখ্য, খালেদা জিয়া বগুড়া ৬ ও ৭ এবং ফেনী ১ আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করে দেন।
এমবি





